জামায়াত যাত্রীবেশে উঠে কমলাপুরে নাশকতা চালিয়েছে: রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বিভিন্ন জায়গায় রেললাইনে নাশকতার পর এবার রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু কমলাপুর স্টেশনে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। রেলওয়ে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে। রেলপথে এ পর্যন্ত চলা সন্ত্রাসের কারণে রেলের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন রেলপথমন্ত্রী। কমলাপুর রেলস্টেশনে পৌঁছে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, জামায়াত-শিবিরের ক্যাডাররা ট্রেনে যাত্রীবেশে উঠে গানপাউডার ব্যবহার করে নাশকতা চালিয়েছে। তারা স্বাধীনতাবিরোধী, তারা রাজাকারের দোসর। রেলপথমন্ত্রী আরও বলেন, তাঁরা একাত্তরের মতো দেশে আবারও অগ্নিসংযোগ করে, রেললাইন উপড়ে ফেলে রেলপথ অচল করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। এ মুহূর্তে রেলওয়ের সম্পদ ও যাত্রীদের রক্ষায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে।তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, রেল এ দেশের গণমানুষের পরিবহনব্যবস্থা। তিনি রেলকে রক্ষা করার স্বার্থে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ট্রেনে আগুনের ঘটনায় রেল মন্ত্রণালয়ের বক্তব্যরেল মন্ত্রণালয় জানায়, সোমবার বিকেল চারটা পাঁচ মিনিটে কমলাপুর রেলস্টেশনে নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন যাত্রীদের নামিয়ে ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এ সময় আগে থেকে ট্রেনে ওঁত পেতে থাকা একদল দুষ্কৃতকারী পেছনের দুটি বগিতে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এতে বগি দুটিতে আগুন ধরে যায়। আগুন লাগার পর রেলকর্মীরা ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনটির সবশেষ বগির আগের বগিটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া, আরও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া বগিগুলো আলাদা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে বগিগুলোতে আগুন লাগানো হয়েছে। তা ছাড়া, বিস্ফোরকজাতীয় দাহ্য পদার্থ এ কাজে ব্যবহার করা হয়েছে।এদিকে, আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন রেলমন্ত্রী মুজিবুল হক, রেল মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উর-রহমান, রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।