ইসিকে গোয়েন্দা সংস্থার তথ্য
জামায়াত-শিবির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতা চালাতে পারে
জামায়াতে ইসলামী ও তাদের অনুসারী সংগঠন ছাত্রশিবির সিটি করপোরেশন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে চায়। এ জন্য তারা রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটের দিন বা তার আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। চার সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য দিয়েছে। আজ বুধবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশন সচিবালয় সূত্র জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে ৬০ জন সন্ত্রাসীর তালিকা ইসির কাছে দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও শিবিরের সন্ত্রাসীরা রয়েছে। ভোটের আগেই এদের পুলিশি হেফাজতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সন্ত্রাসীদের পুলিশি হেফাজতে নেওয়ার প্রস্তাব সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বৈঠকে বলেছেন, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সভায় নির্বাচনোত্তর বিজয় মিছিল করতে দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত হয়। তফসিল অনুযায়ী ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।সিইসি কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ অংশ নেন। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে এনএসআইয়ের মহাপরিচালক মনজুর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসেন, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, পুলিশের বিশেষ শাখার উপমহাপরিদর্শক মোশারফ হোসেন ভূঁইয়া, আনসার-ভিডিপির উপমহাপরিচালক এ কে এম মিজানুর রহমান এবং পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চার সিটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ইতিমধ্যে চেক পোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রয়োজনে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। বৈঠক সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার প্রধান ইসিকে জানান, জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম ভোটকেন্দ্র, এমনকি ভোটকেন্দ্রের বাইরেও নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছে। তাদের প্রথম লক্ষ্য রাজশাহী ও সিলেট। বৈঠক সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে হেফাজতে ইসলাম আস্তিক-নাস্তিকের প্রশ্ন তুলে প্রচারণা চালাচ্ছে। তারা আস্তিককে ভোট দিতে বলছে। তাদের এই প্রচারণায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ক্ষুব্ধ। কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুসারে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ইসি তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বলেছে।সভা শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করেছি। কোনো কোনো জায়গায় স্ট্রং মেজারমেন্ট বা একস্ট্রা ব্যবস্থা নিতে হবে। আমাদের জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। চিহ্নিত সন্ত্রাসীদের নজরদারির মধ্যে আনা হয়েছে এবং বহিরাগতদের নির্দিষ্ট সময়ের আগে নির্বাচনী এলাকা থেকে চলে যেতে বলা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’