জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জাসদের
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবিসহ এই দাবি জানানো হয়। লিখিত এই দাবি পাঠ করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।ছয় দফা দাবির মধ্যে রয়েছে—কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিবাদী পক্ষের মতো রাষ্ট্রপক্ষও যেন সর্বোচ্চ শাস্তির আপিল করতে পারে—এজন্য আইন সংশোধন, আপিল বিভাগে সর্বোচ্চ তিন মাসের মধ্যে মামলার রায় নিশ্চিত করা যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধিতাকারী রাজনৈতিক দল, শক্তি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে বিচার, যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিষিদ্ধ করা।সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক প্রশ্নের জবাবে বলেন, যেসব গণমাধ্যম সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা আমলে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হব।