জামায়াত-শিবিরকে ধৈর্য ধরার অনুরোধ ইসলামী আন্দোলনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় কেন্দ্র করে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতার জন্য সরকারের অদূরদর্শিতা, প্রতিহিংসাপরায়ণতা ও অযোগ্যতা দায়ী বলে মনে করছে দলটি।আজ বুধবার দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। লিখিত বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আজ দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যাঁরা বিক্ষুব্ধ হয়েছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সাঈদীর পক্ষে বিজ্ঞ আইনজীবী রয়েছেন। ট্রাইব্যুনালের রায় যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে উচ্চ আদালতে তাঁরা বিষয়টি তুলে ধরতে পারবেন। অতএব আপনাদের ন্যায়বিচার পাওয়ার আশা এখনই শেষ হয়ে যায়নি।’জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের এ বিষয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে রেজাউল করীম আরও বলেন, ‘এমনিতেই অনেকগুলো প্রাণ হারিয়ে গেছে। আপনারা শান্ত হোন। সহিংসতা আর বিশৃঙ্খলার পথ পরিহার করুন। বাস্তবতা উপলব্ধি করুন। মানুষের জীবন-সম্পদ নষ্ট হয়, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, এমন পদক্ষেপ থেকে বিরত থাকুন। কর্মী-সমর্থকদের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।’ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনো চরম প্রতিক্রিয়া দেখানো উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সরকারের অদূরদর্শিতা, প্রতিহিংসাপরায়ণতা ও অযোগ্যতাই এ জন্য দায়ী।’সারা দেশে যে সহিংসতা হয়েছে, তার বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির। একই সঙ্গে সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। পাশাপাশি যারা এসব হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, তিনি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা ইতিপূর্বে বারবার বলেছি, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। তাদের ইনসাফপূর্ণ বিচার হলে জাতি উপকৃত হবে। তবে সরকারের উচিত ছিল বিষয়টি দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে বিতর্কহীন রাখা।’সংবাদ সম্মেলনে শাহবাগের আন্দোলনকারীদের সমালোচনা করা হয়। তাঁদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ইসলামি জনতাকে আঘাত করার অভিযোগ আনা হয়। এ ছাড়া কথিত ‘নাস্তিক’ ব্লগারদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।