জামায়াত-শিবিরের তিন কর্মীকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ বুধবার বিকেলে জামায়াত-শিবিরের সঙ্গে এলাকাবাসী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী ধাওয়া করে জামায়াত-শিবিরের তিন কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রথম আলোর আলোকচিত্রীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরও আটজন কর্মীকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী নগরের শিরোইল এলাকার স্টেশন কলোনি থেকে জামায়াত-শিবিরের কর্মীরা দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় এলাকাবাসী তাঁদের ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ইটপাটকেল ও ককটেল ছোড়েন। এলাকাবাসীও পাল্টা ইটপাটকেল ছোড়েন। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে এলাকাবাসীর সঙ্গে যোগ দেয়। প্রায় ২০ মিনিট ধরে ওই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে পুলিশ কমপক্ষে ৫০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় জামায়াতের ছোড়া ইটের আঘাতে প্রথম আলোর রাজশাহীর আলোকচিত্রী শহীদুল ইসলাম ও স্থানীয় ‘দৈনিক সানশাইন’-এর আলোকচিত্রী সামাদ খানসহ কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পালাতে থাকলে এলাকাবাসী ধাওয়া করে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করে গণধোলাই দেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ কমিশনার মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজকে আমি গণজাগরণ দেখেছি। এলাকাবাসী পুলিশের সঙ্গে যোগ দিয়ে জামায়াত-শিবিরকে কীভাবে প্রতিরোধ করেছে, সেটা দেখেছি। জামায়াত-শিবির এলাকাবাসীর ওপর গুলি করেছে। আর পুলিশের সঙ্গে যোগ দিয়ে এলাকাবাসী তা প্রতিরোধ করেছে।’ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হামলাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরে আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা অগ্নিসংযোগ করেন। পুলিশের উপপরিদর্শক দীপক কুমার প্রথম আলো ডটকমকে বলেন, হামলার সময় পুলিশ বাধা দিলে জামায়াতের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। আহত লোকজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদরেও বিকেলে গণজাগরণ মঞ্চের কাছে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ দুজন আহত হন।