জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রগতিশীল ইসলামি জোট ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। একই সঙ্গে মহানবী (সা.), ইসলাম ও সব ধর্ম অবমাননাকারীদের শাস্তির বিধান রেখে সংসদে আইন পাসের দাবি জানান তিনি।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির ভাষণে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এ দাবি জানান। মহানবী (সা.), ইসলাম ও সব ধর্ম অবমাননাকারীদের শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং সব মানবতাবিরোধীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রগতিশীল ইসলামি জোটের লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ও মুখপাত্র এম এ আওয়াল।নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, জামায়াতে ইসলামীর এক নেতার মানবতাবিরোধী বিচারের প্রতিবাদে সারা দেশে জামায়াত ও শিবিরের কর্মীরা তাণ্ডব চালান। তাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, উপাসনালয় ও বাড়িঘরে হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেন। অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান তিনি।এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বাশার আল হাসানী, যুগ্ম মহাসচিব সৈয়দ আবু দাউদ মসনবি হায়দার, প্রগতিশীল ইসলামি জোটের কো-চেয়ারম্যান ও গণফ্রন্ট চেয়ারম্যান জাকির হোসেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের যুগ্ম মহাসচিব এম এ মোমেন প্রমুখ।