জামায়াত-শিবিরের রাজনীতির অধিকার নেই: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত কোনো গণতান্ত্রিক দল নয়। বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।ব্লগার আহমেদ রাজীব হায়দারের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আজ শনিবার বিকেলে তাঁর মিরপুরের বাসায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের অন্যতম কর্মী ছিলেন রাজীব। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির দেয়ালের পাশ থেকে রাজীবের লাশ উদ্ধার করে পুলিশ। জামায়াত-শিবির রাজীবকে হত্যা করেছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই ছাড় পাবে না। রাজীব হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সমবেদনা জানাতে রাজীবের মিরপুরের বাসায় যান। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন তিনি।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার আজ সকালে ঘটনাস্থলে পরিদর্শন করে রাজীবের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।