জামায়াত-শিবিরের ৪৪ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর
রাজধানীর মালিবাগে গতকাল মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ৪৪ জন নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার রমনা থানার দুটি মামলায় ও রামপুরা থানার একটি মামলায় তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দেন পৃথক দুই আদালত।ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় ১৯ জনকে তিন দিন করে আর পুলিশের ওপর হামলার অভিযোগে করা অপর মামলায় ৩৫ জনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম আসাদুজ্জামান। দুই মামলায় মোট গ্রেপ্তার ৩৫ জন। ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের দ্রুত বিচার আইনে মামলাটি করেন আর পুলিশের ওপর হামলার ঘটনায় অন্য মামলাটি করেন এসআই আলতাফ হোসেন। এই দুটি মামলায় আসামিদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল রমনা থানার পুলিশ। অন্যদিকে রামপুরা থানায় করা একটি মামলায় নয়জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম হাসিবুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রামপুরা থানার উপপরিদর্শক আবদুল হক বাদী হয়ে ১০৩ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।