জামায়াত সরব ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবিতে!
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার ১৮ দলের মানবপ্রাচীর কর্মসূচিতে জামায়াত সরব ছিল মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধের দাবিতে। এ অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ারও দাবি জানায় তারা।নির্দলীয় সরকারের অধীনে নির্বচান এবং গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে আজ মানবপ্রাচীর তৈরি করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে কর্মসূচিতে অংশ নেওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মিছিল-স্লোগান, ব্যানার-ফেস্টুন-পোস্টারে মূল দাবি ছিল যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা এবং ‘ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া’। রাজধানীর মহাখালী, মগবাজার, হাইকোর্ট এলাকায় জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মীকে মানবপ্রাচীর কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এদের প্রায় সবার হাতে ছিল বিভিন্ন ব্যানার, পোস্টার—যেখানে দাবি ছিল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি, ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা।শুধু ব্যানার-পোস্টার নয়, এসব দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে এবং মহাখালী এলাকায় মিছিল করতেও দেখা গেছে শিবিরের কর্মীদের। ‘ঘেরাও ঘেরাও হবে, ট্রাইব্যুনাল ঘেরাও হবে’, ‘অবৈধ ট্রাইব্যুনাল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘সাঈদীর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’—এসব স্লোগান দেন তাঁরা। এ ছাড়া মহাখালী এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবিসংবলিত প্রচারপত্রও বিলি করেন জামায়াত-শিবিরের কর্মীরা।জোটের কর্মসূচিতে জামায়াতের এ ধরনের দাবি উত্থাপনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কেউ যদি নিজেদের দাবি নিয়ে দাঁড়ায়, তা তাদের নিজস্ব বিষয়। তারা তা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।এর আগে ঢাকায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিসহ ১৮ দলের বিভিন্ন কর্মসূচিতেও জামায়াতকে সরব দেখা গেছে যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে। তবে এই দাবিতে জামায়াতের একক ব্যানারে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে খুব একটা দেখা যায় না।