জামায়াত সাংসদসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ১০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। এর পাশাপাশি ২৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। চট্টগ্রামের দ্রুত বিচার আদালতের নিবন্ধন কর্মকর্তা শিখা রানী দাশ প্রথম আলো ডটকমকে বলেন, ‘দ্রুত বিচার আইনের মামলাটিতে অভিযোগপত্রভুক্ত ৫১ জনের মধ্যে ৪১ জন গ্রেপ্তার আছেন। বাকি ১০ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’গত ১৮ নভেম্বর নগরের পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ওই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় দ্রুত বিচার আইনে একটিসহ মোট তিনটি মামলা করে। গত ২৮ নভেম্বর দ্রুত বিচার আইনের মামলাটিতে ৫১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দ্রুত বিচার আইনের মামলাটিতে পুলিশের দেওয়া অভিযোগপত্রে সাংসদ ও নগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলাম এবং সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে আসামি করা হয়েছিল।