জামায়াত সাংসদের বক্তব্যে সংসদে উত্তেজনা
জাতীয় সংসদে যুদ্ধাপরাধের বিচার বিষয়ে জামায়াত ইসলামীর সাংসদের দেওয়া বক্তব্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় হইচই করেছেন সরকার ও বিরোধীদলীয় সাংসদেরা। পরস্পরকে অভিযুক্ত করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশের দিনে কোরআন পোড়ানোর জন্য।আওয়ামী লীগের একাধিক সাংসদ জামায়াত-শিবিরকে কোরআন পোড়ানো, পুলিশ হত্যা, গাড়ি পোড়ানো, ব্যাংকে আগুন, গাছ কাটা, সড়ক বিভাজক ভেঙে ফেলার জন্য অভিযুক্ত করেন।অন্যদিকে বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকন বলেন, যুবলীগের নেতারা আওয়ামী লীগের অফিসের কাছে কোরআনে আগুন দিয়েছে পরিকল্পিতভাবে। এটা করা হয়েছিল অন্যের ঘাড়ে দায় চাপাতে।স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে আজ রোববার এসব কথা বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।মাগরিবের নামাজের পর বাজেট আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামসুল ইসলাম। তিনি দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতাদের ‘বিচারিক হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং)’ বন্ধ করতে আহ্বান জানান। তাঁর দাবি, পিরোজপুরের রাজাকার দেলোয়ার শিকদারকে সাঈদী বানিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর মিরপুরের বিহারী কসাই কাদেরকে কাদের মোল্লা বানানো হয়েছে। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধাপরাধের বিচার দাবি করেন।এ পর্যায়ে স্পিকার দুবার সাংসদকে আদালতে বিচারাধীন বিষয়ে বক্তব্য না দিতে অনুরোধ করেন। কিন্তু, তিনি তা শোনেননি। এ সময় সরকারদলীয় সংসদেরা উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন।শামসুল ইসলাম আরও বলেন, হেফাজতে ইসলামের ওপর রাতের অন্ধকারে হামলা করে বিপুল পরিমাণ মানুষ ‘হত্যা’ করা হয়েছে। দেশি-বিদেশি মিডিয়ার সংবাদে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দুটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও ‘আমার দেশ’ বন্ধ করা হয়েছে। সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মীয় নেতাদের হেয় করতে চায়। তারা ইসলামবিরোধী কাজ করেছে। তিনি বলেন, পাইকারি হারে সংবাদপত্রকে শায়েস্তা করতে প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে। তিনি এই প্রস্তাব প্রত্যাহারের দাবি তোলেন। জামায়াতের সাংসদের বক্তব্যের পর সংসদে কার্যপ্রণালির ৩০১ বিধি অনুসারে সরকারদলীয় জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য রাখেন। তিনি পয়েন্ট অব অর্ডারে ২৭০ বিধি উল্লেখ করে বলেন, এতে বলা আছে আদালতে বিচারাধীন বিষয়ে সংসদে কিছু বলা যাবে না। তিনি বলেন, যে বক্তব্য দেওয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সম্পর্কে কেবল রাজাকাররাই বক্তব্য দিতে পারে। আর কেউ এমন বক্তব্য দিতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের কথা ছিল, ফলে এটা গণরায়। তিনি স্পিকারের কাছে জামায়াতের সাংসদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।ফজলুল করিম আরও বলেন, ধর্মীয় উসকানিমূলক কথা এখানে বলা হয়েছে। ধর্ম সবার। দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান ধর্মকর্ম করেন। তিনি বলেন, ‘এ দেশে বঙ্গবন্ধুই ধর্মের জন্য অনেক কিছু করেছিল। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন, কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা, বিশ্ব ইজতেমা চালু করেন।’এ পর্যায়ে স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি অনুসারে বক্তব্য পরীক্ষা করে বিধিবহির্ভূত বক্তব্য এক্সপাঞ্জ করা হবে।বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকন বলেন, তাঁরাও ’৭১-এর যুদ্ধাপারাধীর বিচার চান, তবে তা হতে হবে স্বচ্ছতার মাধ্যমে। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলা হয়নি। বলা হয়েছে বিচারের স্বচ্ছতা নিয়ে। তিনি বলেন, জনগণকে বোকা বানানো যাবে না। জনগণ এই ‘ভাঁওতাবাজি’ বোঝে বলেই চার সিটি করপোরেশনে বিএনপির পক্ষে রায় দিয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, হেফাজতের সমাবেশের দিনে আড়াই হাজার মানুষ হত্যার কথা বলছে বিএনপি-জামায়াত। কিন্তু আড়াই জন লোকের তালিকা দিতে পারে নাই। তিনি বলেন, ’৫৪-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে বউ তালাক হয়ে যাবে বলা হয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। কারও বউ তালাক হয়নি। ’৭১-এ সংখ্যালঘুদের গনিমতের মাল ঘোষণা করেছিল রাজাকারেরা।এর আগে বিএনপির সাংসদ গোলাম মোস্তফা বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসে, ততবারই শেয়ার কেলেঙ্কারি হয়। এ দফায় আওয়ামী লুটেরারা বাজার থেকে এক লাখ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করেছে। তিনি সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের নাম উল্লেখ করে বলেন, ‘অনেক চোর দেখেছি, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের মতো এমন চোর দেখি নাই। গোটা পদ্মা সেতু এরা গিলে খেয়ে ফেলেছে।’ গোলাম মোস্তফা বেসিক ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য দেন সংসদকে। বলেন, সরকারদলীয় নেতা সুভাষ সিংহ রায়, সাইমুম সরোয়ার কমল ও জান্নাত আরা হেনরিদের বিচার না করে তানভীরের বিচার করলে হবে না।সরকারদলীয় সাংসদ মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে সমান্তরাল সরকারব্যবস্থা চালিয়েছিলেন। আর বিদ্যুত্ না উত্পাদন করে শুধু খাম্বা সরবরাহ করেই ২০ হাজার কোটি টাকা কামিয়েছেন। বিদেশে টাকা পাচারকারী হয়েছেন। তিনি বলেন, এ সরকারের আগের চারটি বাজেট বাস্তবায়ন হয়েছে, এবারও বাস্তবায়ন হবে। বাজেটের ওপর আরও আলোচনা করেন আওয়ামী লীগের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, এ কে এম ফজলুল হক, মাহবুব আরা, শাহ আলম প্রমুখ।