জামায়াতকে ছাড় দেওয়া হবে বড় ভুল
ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগকে শক্ত অবস্থানে যেতে হবে। সরকার যদি মনে করে, জামায়াতকে কোনো রকমের ছাড় দিয়ে ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, তাহলে সেটা হবে বড় ভুল। আজ মঙ্গলবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় শাহরিয়ার কবির এসব কথা বলেন। সাপ্তাহিক ‘কাগজ’ ও সুচিন্তা ফাউন্ডেশন এ গোলটেবিলের আয়োজন করে।শাহরিয়ার কবির বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠার সময় থেকেই এ দেশের বিরোধিতা করেছে জামায়াত। বাংলাদেশে জামায়াতের প্রধান মিত্র বিএনপি। আন্তর্জাতিক অঙ্গনে প্রধান মিত্র আইএসআই, পাকিস্তান। সৌদি আরব ও আমেরিকাও জামায়াতকে সমর্থন দেয়।’ শাহরিয়ার কবির বলেন, ‘২০০৯ সালের শুরুতে আমরা সরকারকে বলে দিয়েছিলাম, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত।’ জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে শাহরিয়ার কবির বলেন, ‘২০০৮ সালে মানুষ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে দেশের মানুষ কী চায়। জামায়াতকে নিষিদ্ধ না করলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আজকে ১৮ দলের সহযোগিতায় জামায়াত-শিবির যে নৈরাজ্য চালাচ্ছে, তা প্রতিহত করতে হবে।’ মেজর জেনারেল (অব.) আমিন আহম্মেদ চৌধুরী বলেন, ‘নির্বাচন আর ক্ষমতার রাজনীতির দিকে না তাকিয়ে, আমাদের বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে। তা না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধই বৃথা।’ নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, ‘যেকোনো সংকটে তরুণসমাজই আমাদের ভরসা। আমরা কী চাই, তাদের তা বোঝাতে হবে।’