জামায়াতকে নিয়ে নির্বাচন করতে চাইছে আওয়ামী লীগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের উদ্দেশ্য নয়। তাঁদের উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ হাসিল করা। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সত্যিকারভাবে জামায়াতকে নিয়ে নির্বাচন করতে চাইছে।বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ রোববার আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এসব কথা বলেন। জাগ্রত ফোরাম নামের একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভার আয়োজন করে।বিএনপির এই নেতা বলেন, বিএনপি অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় থাকতে হবে।যে আইনে এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তা নিয়েও আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্ন উঠেছে বলে তিনি দাবি করেন।এম কে আনোয়ার সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা কি সত্যি যুদ্ধাপরাধীদের বিচার চান? তাহলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন এলেন তখন তাঁদের ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধী, তাদের ব্যাপারে কিছু বললেন না কেন?’ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার আবার ড. ইউনূসের ওপর চড়াও হয়েছে। যদি ড. ইউনূস এত ক্ষমতাবান হয়ে থাকেন, তাঁর জন্য সব বিনিয়োগ আটকে আছে, তাহলে সরকারের উচিত ক্ষমতা ত্যাগ করে যাঁদের কথা আন্তর্জাতিক মহল শুনবে, তাঁদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সম্প্রতি এক অনুষ্ঠানে মাঠে-ঘাটে যেখানে জামায়াত-শিবির-বিএনপির নেতা-কর্মীদের দেখা যাবে, সেখানেই প্রতিহত করার ঘোষণা দেন। এ বিষয়ে এম কে আনোয়ার বলেন, ‘তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী) এ বক্তব্যে প্রমাণিত হয়েছে পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীর বেআইনি আদেশ মানতে রাজি হয়নি। এ ছাড়া বিএনপির এই নেতা বলেন, যেসব অতি-উত্সাহী পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে বেআইনি কাজ করবেন, ভবিষ্যতে তাঁদের জবাব দিতে হবে।এদিকে ঢাকায় বিএনপির আগামীকাল সোমবারের গণমিছিলে বাধা দিলে এর পরিণতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন এম কে আনোয়ার।