জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে: হানিফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘জামায়াত একটি ফ্যাসিবাদী দল। সমগ্র দেশে এখন জামায়াতকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই দলকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার। তাদের নিষিদ্ধ করার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে।’আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলের বিমান অফিসের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে হানিফ বলেন, জামায়াত-শিবির চক্র একের পর এক ধ্বংসলীলা চালাচ্ছে। তারা পুলিশের ওপর আক্রমণ চালাচ্ছে। পুলিশের অস্ত্র ছিনিয়ে নিচ্ছে। পাশাপাশি সরকারি বিভিন্ন সম্পদ আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। তাদের মূল লক্ষ্য এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।হরতালের নামে অপতত্পরতা বন্ধ করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বহু আন্দোলন, সংগ্রাম ও হরতাল করেছেন। দেশের বহু কিছু ধ্বংস করেছেন। এখন ধ্বংস করার অশুভ তত্পরতা থেকে বিরত থাকুন।’ তিনি বলেন, ক্ষমতায় থেকে যেভাবে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিলেন, বিরোধী দলে গিয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে দেশের অর্থনীতিকে সেভাবে ধ্বংস করছেন।শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বাসস।