সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিক্ষোভে বক্তারা
জামায়াতকে নিষিদ্ধ না করলে তাণ্ডব ঘটতেই থাকবে
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে জামায়াত-শিবির যে তাণ্ডব চালিয়েছে, তা শুধু একাত্তরে ঘাতক-দালালদের জঘন্য নিষ্ঠুরতার সঙ্গেই তুলনীয়। আজ শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই অভিমত প্রকাশ করেন। তাঁরা বলেন, পুলিশ ও সাধারণ মানুষ হত্যা, দেশের সম্পদ ধ্বংস, সংখ্যালঘুদের বাড়িতে হামলা-নির্যাতনসহ রাষ্ট্রদ্রোহে নিয়োজিত জামায়াতকে এখনই নিষিদ্ধ না করলে আগামীতে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সব মানবতাবিরোধী অপরাধীর বিচার ও অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এতে সভাপতিত্ব করেন। সমাবেশ ছাড়াও শহীদ মিনারে পাঁচটি নাটক এবং জাগরণী গান পরিবেশিত হয়। সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার জামায়াত-শিবিরের তাণ্ডবকে মুক্তিযুদ্ধকালীন জঘন্যতার সঙ্গে তুলনা করে বলেন, ‘তাদের উদ্দেশ্য তারা নতুন পাকিস্তান গড়ে তুলবে। আসলে তারা নির্বোধ।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ৪২ বছর পর নতুন প্রজন্ম যে মুক্তিযুদ্ধে নেমেছে, তাতে নয় মাস সময় লাগবে না। অনেক আগেই তাদের জয় হবে। তখন জামায়াত-শিবির ও তাদের দোসররা পালানোর পথ পাবে না।আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। একই অজুহাতে বিএনপির পরদিন (৫ মার্চ) হরতাল ডাকার সমালোচনা করে মেনন বলেন, ‘এত দিন জামায়াত ছিল বিএনপির লেজুড়, এখন বিএনপিই হয়েছে জামায়াতের লেজুড়। নিজামী নয়, খালেদা জিয়াই এখন জামায়াতের আমির।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জামায়াতে ইসলামীর সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে। তাদের তত্পরতা রাজনৈতিক নয়, সহিংস তাণ্ডবের তত্পরতা। একাত্তরে ৯০ হাজার পাকিস্তানি হানাদার আত্মসমর্পণ করেছিল, জামায়াত করেনি। আজ জামায়াতকে আত্মসমর্পণ করতে হবে নতুন মুক্তিযুদ্ধের সামনে। এ জন্য সবাইকে সংগ্রাম করতে হবে। গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেন, দেশে এবং বিদেশে যারা জামায়াতের পক্ষ নিয়েছে, নতুন প্রজন্মের সাহায্যে তাদের বিরুদ্ধে জয়ী হতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আশা প্রকাশ করেন, সব মানবতাবিরোধী অপরাধীর বিচার হবে এবং তা কার্যকর হবে।সাংসদ আসাদুজ্জামান নূর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবের পর নতুন প্রজন্ম তাদের বর্বরতার কিছুটা ধারণা করতে পেরেছে।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার জন্য সংবিধানের ৩৮ ধারা, সন্ত্রাস দমন আইনের ১৮ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনই যথেষ্ট। সমাবেশে অন্যদের মধ্যে গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুর রহমান সেলিম, সাংস্কৃতিক-ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশিদ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা কামরুল আহসান খান, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী বক্তব্য দেন।