যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দানকারীদের বিরুদ্ধে শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে আজ রোববার জাতীয় সংসদে আলোচনা-সমালোচনা হয়েছে। একইভাবে জামায়াতের সঙ্গে সংলাপে বসা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সরকারি দলের সাংসদেরা। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম শরিয়া আইন সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেন। সংবিধান সংশোধন করে এ আইন চালু করা হবে কি না, তিনি তা জানতে চেয়েছেন। তবে প্রধানমন্ত্রী এ সময় সংসদে উপস্থিত ছিলেন না। একই সঙ্গে ক্ষমতাসীন মহাজোটের সাংসদ ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন শরিয়া আইন নিয়ে তিনি বিভ্রান্ত হয়েছেন বলে জানান। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রচলিত আইনই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে আলোচনায় সম্প্রতি পুলিশের ওপর জামায়াত-শিবিরের আক্রমণসহ নানা বিষয়ে এক অনির্ধারিত আলোচনা হয়। তাঁরা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান। আলোচনার সূত্রপাত করে ফজলুল আজিম বলেন, ‘শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সব মহলে উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে। এ আইন সংবিধানের পরিপন্থী। আমরা এ আইনের দিকে যাচ্ছি কি না? এ আইন প্রচলন হবে কি না?’ জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে নেই। তিনি কেন এ বক্তব্য দিয়েছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, তা তিনি বলতে পারবেন। আমি বলতে পারব না। প্রধানমন্ত্রী যখন সংসদে আসবেন, তখন তিনি এ বিষয়ে বলতে পারবেন।’ পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী কথার ছলে এ কথা বলেছেন। তাঁরা লাফালাফি করেন। বলেন, আল্লাহর আইন চাই, অমুকের শাসন চাই। তাঁরা যদি তা-ই চান, প্রধানমন্ত্রী সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি: আলোচনায় মহাজোটের সাংসদেরা পুলিশের ওপর জামায়াত-শিবিরের অব্যাহত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, পুলিশ ও আইনমন্ত্রীর গাড়িবহরে আক্রমণ রাষ্ট্রের ওপর আক্রমণের শামিল। সংসদে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথকে বাধাগ্রস্ত করতে পুলিশের ওপর আক্রমণ হচ্ছে। জামায়াতের এ কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত। আমরা ভেবেছিলাম, বিএনপি ভারতবিরোধী অবস্থানের ভুল থেকে শিক্ষা নিয়ে বাস্তবতায় আসবে। তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবই। পুলিশের ওপর হামলা কেউ ভালোভাবে নিচ্ছে না। পুলিশ ধৈর্যের পরিচয় দিচ্ছে। অন্য সময় হলে গুলি করা হতো।’ এ প্রসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেবল কথা না বলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা মহাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি। আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার কার্যক্রম হচ্ছে। যুবসমাজ অধীর আগ্রহ নিয়ে এ বিচার কার্যক্রম দেখতে চায়। এ অবস্থায় বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেছেন।’ তিনি বলেন, জামায়াত বিভিন্ন স্থানে পুলিশের ওপর অতর্কিতে আক্রমণ করছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিচ্ছে। এ প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘একটি শক্তিধর দেশের রাষ্ট্রদূত জামায়াতের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। তাঁর দেশের পুলিশের ওপর যদি কেউ আক্রমণ চালাত, তাহলে তাঁরা কী তাদের সঙ্গে প্রেমালাপ করতেন? তার এ বক্তব্য মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের উত্সাহিত করবে। আক্রমণকারীদের সঙ্গে যাঁরা বসার কথা বলেন, তাঁরা আক্রমণকারীদের শক্তি জোগান। শক্তি থাকলেই ঘাড় ধরে কিছু করানো যায় না, ১৯৭১ সালে তা প্রমাণ হয়েছে। তাঁর এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।’সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘খালেদা জিয়া শহীদের রক্তে রঞ্জিত পতাকা যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছেন। বর্তমান সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিচার করছে। এমনকি সুপ্রিম কোর্টে আপিল করার বিধানও রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ষড়যন্ত্র করছেন। তিনি গোলাম আযম, নিজামী, মুজাহিদ যুদ্ধাপরাধী নয় বলে বক্তব্য দিচ্ছেন।’ জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়ে শেখ সেলিম বলেন, আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার জন্য তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। আর কেউ যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে বাধা দেওয়া আইনি অপরাধ। জামায়াত এ দাবি করার সঙ্গে সঙ্গে তারা আইন ভঙ্গ করেছে। এ অপরাধে তাদের আইনের আওতায় আনা যায়। তিনি বলেন, ‘গোলাম আযম, সাকা, নিজামী, মুজাহিদ আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী। বেগম খালেদা জিয়া জঙ্গিবাদী রাজনৈতিক দলগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাঁকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে তিনি যুদ্ধাপরাধীদের বিচার চান।’ ইনু বলেন, জামায়াত ৭১-এর পরও বদলায়নি। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, যে দল আইনের বিরুদ্ধে দাঁড়ায়, সে দল নিবন্ধিত গণতান্ত্রিক দল থাকতে পারে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি দলের ফজলে রাব্বী, জাতীয় পার্টির মুজিবুল হকও আলোচনায় অংশ নেন।