জামায়াতকে বর্জনের আহ্বান ইনুর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এটা মুনাফেকের দল। তাই জামায়াতকে রাজনীতি থেকে বর্জন করতে তিনি দেশের সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটায় তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়ের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।তা হলে জামায়াতের নিবন্ধন বাতিল করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সেটা আইনগতভাবে রাষ্ট্র দেখবে।’আবদুল কাদের মোল্লার রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে জামায়াতের সঙ্গে মহাজোটের সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। কোনো আঁতাত যদি হতো, তা হলে জামায়াত এমন অরাজকতা সৃষ্টি করত না। জামায়াতের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ইতিমধ্যে মামলা করা হয়েছে বলে জানান ইনু।তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জামায়াত একটি অগণতান্ত্রিক দল। এ ধরনের শক্তি কোনোভাবেই গণতন্ত্রে অঙ্গীভূত হতে পারে না। তাই দেশে গণতন্ত্রের বিকাশের স্বার্থেই জামায়াতকে গণতন্ত্রের মাঠ থেকে বিতাড়ন করতে হবে।’