জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সাতক্ষীরা থেকে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। নবীনগর প্রতিনিধি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রাম থেকে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি খোরশেদ আলম (৩৮) এবং স্থানীয় ইসলামী ব্যাংকের সহকারী অফিসার ও জামায়াতের সদস্য আবদুল বাকী (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নস্যাৎ করার লক্ষ্যে ও সরকারবিরোধী বিভিন্ন জেহাদি বই বিতরণের অভিযোগে তাঁদের আটক করে পরে রাষ্ট্রদোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বিভিন্ন জেহাদি বই উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ওই গ্রামে আজ ভোরে সৈয়দ শফিউল্লাহর বাড়িতে সরকারের বিরুদ্ধে জামায়াতের ওই দুই নেতা-কর্মী গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে সরকারবিরোধী জেহাদি বই উদ্ধার করা হয়। পরে গত মার্চ মাসে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমির মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।মার্চ মাসে স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর পোস্টারের ওপর কে বা কারা জামায়াতের পোস্টার লাগায়। পরে এ ঘটনায় অজ্ঞাত কিছু জামায়াত নেতা-কর্মীকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জামায়াতের তিন নেতার মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগানোর সময় সদর উপজেলার ধূলিহর বাজার থেকে পুলিশ ওছিয়ার রহমান (২৪) ও ফারুক হোসেন (২২) নামের দুজন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন জানান, আজ ভোরে গ্রেপ্তারকৃতরা ধূলিহর বাজারে জামায়াত নেতাদের মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগাচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে উপসহকারী পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।