মানবতাবিরোধী অপরাধের বিচার
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১ নভেম্বরের মধ্যে তদন্ত শেষের নির্দেশ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শীর্ষস্থানীয় চার জামায়াত নেতার বিরুদ্ধে আগামী ১ নভেম্বরের মধ্যে তদন্তকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই সময়ের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করারও নির্দেশ দেওয়া হয়।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ চার নেতা হলেন—দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। আজ এ চার নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন তা দাখিল করতে পারেনি। কিন্তু তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রসিকিউশন সময় বাড়ানোর আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী ১ নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এ চার নেতার হাজিরার দিন ধার্য ছিল। আজ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে নেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠায়।অপর আরেক আদেশে ট্রাইব্যুনাল বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন ৪ অক্টোবরের মধ্যে দাখিল করার নির্দেশ দেন। আজ তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ধার্য দিন ছিল। তবে প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। আজ তারা অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছেন। জামায়াতের চার নেতার জামিনের আবেদনও ট্রাইব্যুনাল নাকচ করেছেন। প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা: শুনানি চলাকালে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম তদন্তের সময় বাড়ানোর বিরোধিতা করে বক্তব্য দেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।