জামায়াতের অঘোষিত আমিরের রূপে খালেদা: ইনু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গতকালের বক্তব্য সরকার প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি অভিযোগ করেছেন, ‘খালেদা জিয়া ডাহা মিথ্যা কথা বলেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঘোষিত আমির হিসেবে আবির্ভূত হয়েছেন। সরকার তাঁর বিবৃতি প্রত্যাখ্যান করেছে এবং নিন্দা জ্ঞাপন করেছে।’ আজ শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রধান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। গতকাল শুক্রবার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া গতকাল ভাষণে বলেছেন, সরকারের পুলিশ বাহিনী দেশের শান্তিপ্রিয় নিরস্ত্র নাগরিকদের ওপর পৈশাচিক হামলা চালাচ্ছে। গত কয়েক দিনে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, এটি ইতিহাসের নৃশংসতম গণহত্যা। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ২৫ মার্চের গণহত্যাকে খাটো করেছেন, ৩০ লাখ শহীদের অবমাননা করেছেন এবং পাক হানাদার বাহিনীর সঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনীর তুলনা করেছেন। আমি পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলছি, ১৫-১৬টি জেলায় সশস্ত্র ঘটনা ঘটেছে। এর মধ্যে একটিতেও নিরস্ত্র জনগণের ওপর প্রশাসনের হামলা ছিল না। কোনো গণতান্ত্রিক দাবি-দাওয়া আদায়ের জন্য মিছিল বা সমাবেশ করা হয়নি। এটি ছিল চিহ্নিত মুখচেনা জামায়াত-শিবিরের কর্মীদের সশস্ত্র সংঘবদ্ধ চোরাগোপ্তা হামলা।’গত কয়েক দিনের ঘটনাকে গণহত্যার সঙ্গে তুলনা করে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া গণহত্যার সংজ্ঞা জানেন না। তিনি আন্তর্জাতিক আইন জানেন না, দেশীয় আইন পড়েননি।’ আগামী মঙ্গলবার বিএনপির হরতাল ডাকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তিনি যদি পুলিশের ওপর সশস্ত্র জামায়াত-শিবিরের গুন্ডাদের আক্রমণ বন্ধের নির্দেশ দিতেন, তাহলেই জনগণ আশ্বস্ত হতো।’গতকাল খালেদা জিয়া তাঁর বক্তব্যে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে যে বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ইনু বলেন, ‘আপনি নিজের নৈতিক অবস্থা পরিষ্কার করুন। মিথ্যাচার বন্ধ করুন।’