জামায়াতের অপপ্রচার বন্ধে আলেম সমাজের সঙ্গে সভা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ধর্মের বিরুদ্ধে জামায়াত-শিবিরের অপপ্রচারের বিষয়ে সচেতনতা তৈরির জন্য আগামীকাল বুধবার থেকে সারা দেশের সব উপজেলায় আলেম সমাজের সঙ্গে সভা করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে যারা এসব হামলা করছে, পতাকার অবমাননা করছে, তারা এ দেশের স্বাধীনতা চায় না। বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে ইসলামের সমুন্নত ভাব-মর্যাদা বিনষ্টের জন্যই তারা এ ধরনের জঘন্য ও হীন তত্পরতা চালিয়ে যাচ্ছে। তাদের সন্ত্রাসী আক্রমণে যাঁরা আহত-নিহত হয়েছেন, তাঁদের অধিকাংশই মুসলিম। তাদের হাত থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ও রক্ষা পায়নি। ইসলামের দোহাই দিয়ে তারা এসব কার্যক্রম চালাচ্ছে। অথচ ইসলামে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো স্থান নেই।’ এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি দেশের আলেম-ওলামা, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ জনগণের প্রতি আহ্বান জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া বলেন, যেসব স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সহায়তাও দেওয়া হবে।