জামায়াতের কর্মসূচি সমর্থন করলেও অংশ নেবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে জামায়াতের কর্মসূচির প্রতি সমর্থন জানালেও তাতে সক্রিয়ভাবে অংশ নেবে না। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, ‘আমরা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। তাঁদের গ্রেপ্তার হওয়ার ঘটনায় জামায়াতের কর্মসূচি তাদের দলীয় বিষয়। এটা তাদের দল পালন করবে। ওই কর্মসূচির প্রতি আমাদের সমর্থন থাকবে। কিন্তু ওইসব কর্মসূচিতে বিএনপি অংশ নেবে না।’গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পুলিশ গ্রেপ্তার করে। পরে পাঁচটি মামলায় তাঁদের ১৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।