জামায়াতের চার নেতার গ্রেপ্তার শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর চার নেতাকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্য আজ সকাল সাড়ে ১০টায় এ আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করেন। গতকাল রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা এ আবেদন করে।এদিকে এ বিচারকাজকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।যে চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে তাঁরা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। গতকাল সকালে প্রসিকিউশন শাখার আইনজীবীরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আবেদনটি করেন। আবেদনের পর প্রসিকিউশন শাখার প্রধান গোলাম আরিফ বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(২) ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগের তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ট্রাইব্যুনালে আবেদনটি করা হয়।