জামায়াতের চার নেতার বিরুদ্ধে মামলা চার মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। আদালত আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও রফিকুল ইসলাম খান মামলা বাতিল চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।জানা যায়, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীকে তুলনা করা হয়েছে—এমন দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গত বছরের ২১ মার্চ রেজাউল করিম চাঁদপুরী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় ওই বছরের ৩০ জুন তাঁরা জামিন পান। এ বছরের ১৪ ফেব্রুয়ারি এই চার নেতা হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেন। আজ শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।আদালতে চার নেতার পক্ষে লড়েন আইনজীবী আবদুর রাজ্জাক ও ইমরান এ সিদ্দিক।ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, মামলা বাতিলের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট চার মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছেন এবং রুল জারি করেছেন।