জামায়াতের তিন আইনজীবীকে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল আমিনকে নিঃশর্তে ক্ষমা করেছেন আদালত।আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ আদেশ দেন। এর মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এই আইনজীবীদের নিঃশর্তে ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল এক আদেশে বলেছেন, ভবিষ্যতে তাঁদের যথাযথ নিয়ম-নীতি ও আইন মেনে আচরণ করতে হবে।আদেশে আরও বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বক্তব্য রাখার ক্ষেত্রে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হলো। এদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুমের অপসারণ চেয়ে করা আবেদন দুটি আদেশের জন্য ২০ জানুয়ারি তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।আজ এ আবেদন দুটির শুনানির বাকি অংশ উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সৈয়দ হায়দার আলী। গত ১৯ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও ১০ জানুয়ারি গোলাম আযম এ আবেদন দুটি করেছিলেন।