জামায়াতের তিন নেতা আদালত অবমাননায় অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর তিন নেতাকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৯ মে এ বিষয়ে শুনানি শুরু হবে।আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দিয়েছেন।এই তিনজন হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, ‘এই তিন নেতার মধ্যে সেলিম উদ্দিন গ্রেপ্তার আছেন। তবে আদালত অবমাননার বিষয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হয়নি। আমরা সন্তুষ্ট হতে পারিনি। তাই সেলিমসহ বাকি দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো। এ বিষয়ে ৯ মে শুনানি শুরু হবে।’ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের কারণে জামায়াতের তিন নেতাকে সশরীরে হাজির হয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।আদালত অবমাননার অভিযোগে এই তিন নেতাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য এর আগে তিন দফা সময় দেওয়া হয়েছিল। ৩ মার্চ ট্রাইব্যুনাল শেষ সুযোগ দিয়ে বলেন, ‘৬ মার্চ ওই তিন নেতা হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং তাঁদের আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এর পরও হাজির না হওয়ায় এই তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।পরে আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘জামায়াতের ওই তিন নেতাকে ২১ মার্চের মধ্যে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হলো। ওই দিন বা এর আগে তাঁদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।’নির্দেশনা অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ মার্চ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করলে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন। ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের বিষয়ে সেলিম উদ্দিন ওই দিন আইনজীবীর মাধ্যমে তাঁর লিখিত বক্তব্য জমা দেন।নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। ওই প্রতিবেদনে সেলিম উদ্দিনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়। কিন্তু অপর দুই নেতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে, পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।ওই প্রতিবেদন পাওয়ার পর পলাতক দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে ২১ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। একই দিনে সেলিম উদ্দিনের ব্যাখ্যার বিষয়েও শুনানির দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। আজ জামায়াতের ওই তিন নেতাকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করেছেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আগামী ৯ মে এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করা হয়েছে।গত ৪ ফেব্রুয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিন এক জনসভায় বলেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ রফিকুল ইসলাম খান বলেন, ‘...ট্রাইব্যুনালের ‘প্রতিহিংসাপরায়ণ রায়’কে প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’ পত্রিকায় প্রকাশিত এসব বক্তব্য আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি ওই তিন নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ দেন ট্রাইব্যুনাল-২। সেদিন আদেশে বলা হয়, ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে। কিন্তু সেদিন তাঁরা উপস্থিত না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফা সময় বাড়ানো হয়। সেদিনও তাঁরা হাজির না হওয়ায় ৬ মার্চ হাজিরের শেষ সুযোগ দেওয়া হয়।