জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের (ভিডিও)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এই পরোয়ানা জারি করেন।জামায়াতের এই তিন নেতা হলেন: দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল এই তিন নেতাকে হাজির হওয়ার জন্য তিন দফা সময় দিয়েছিলেন। সর্বশেষ ট্রাইব্যুনাল বলেছিলেন, আজ দিনের মধ্যে হাজির করা না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, এই তিন নেতাকে ২১ মার্চের মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হলো। ওই দিনই এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে। ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জের ধরে গত ৭ ফেব্রুয়ারি এক আদেশে ২০ ফেব্রুয়ারির মধ্যে জামায়াতের তিন নেতাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। কিন্তু সেদিন উপস্থিত হতে না পারায় ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করেন ট্রাইব্যুনাল। ওই দিনও হাজির না হওয়ায় ৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে ট্রাইব্যুনাল আদালতের জন্য চরম অবমাননাকর বলে মনে করেন। এর পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে ওই তিনজনকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন।