জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তারে অগ্রগতি জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তারে অগ্রগতির বিষয়ে জানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিন পুনর্নির্ধারণ করে দিয়েছেন ট্রাইব্যুনাল-২। আগামী ২১ এপ্রিলের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। জামায়াতের ওই দুই নেতা হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর শাখার জামায়াতের নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের কারণে জামায়াতের তিন নেতাকে সশরীরে হাজির হয়ে মন্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। উল্লিখিত দুজনসহ জামায়াতের অপর নেতা হলেন মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন। নির্দেশনা অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ মার্চ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করলে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন। ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের বিষয়ে সেলিম উদ্দিন ওই দিন আইনজীবীর মাধ্যমে তাঁর লিখিত বক্তব্য জমা দেন।আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়। ওই প্রতিবেদনে সেলিম উদ্দিনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়। কিন্তু অপর দুই নেতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।ওই প্রতিবেদন পাওয়ার পর পলাতক দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে ২১ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। একই দিনে সেলিম উদ্দিনের ব্যাখ্যার বিষয়ে শুনানির দিনও নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং রফিকুল ইসলাম খানের বিবৃতিকে আদালতের জন্য চরম অবমাননাকর বলে মনে করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাঁদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। তিন দফা সময় নিয়েও হাজির না হওয়ায় ৬ মার্চ তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।