জামায়াতের নিবন্ধন নিয়ে রিটের আজকের শুনানি শেষ
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে। আদালত ১৮এপ্রিল পর্যন্ত এই শুনানি মুলতবি করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে এজলাসে আসেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক। এরপর বেলা একটা পর্যন্ত শুনানি গ্রহণ করেন এই তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। আজ আদালতে শুনানি করেন রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী তানিয়া আমীর। তিনি বলেন, জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের ও ও গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থী। নারী ও পুরুষের বৈষম্য আছে। শীর্ষ পদে কোনো নারী সদস্য আসতে পারে না। তানিয়া আমীর আরও বলেন, ‘দলটির জন্ম ভারতে। ভারতসহ বিভিন্ন দেশে দলটির শাখা রয়েছে। ইসলাম বলতে আমরা বুঝি ভ্রাতৃত্ববোধ। আর ওনারা বোঝেন একটি ইসলামি সরকার।’আজ আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম এবং জামায়াতের পক্ষে ছিলেন আবদুর রাজ্জাক ও বেলায়েত হোসেন। ২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রিটে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে।রুলে রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভুত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। নির্বাচন কমিশনসহ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে রুলের জবাব দিতে বলা হয়।