জামায়াতের নিবন্ধন নিয়ে রিটের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি হাইকোর্টের কার্যতালিকায় ছিল। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত বৃহত্তর এই বেঞ্চ শুনানি মুলতবি করেন।আজ বেলা পৌনে ১১টার দিকে বিচারপতিরা এজলাসে আসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক আদালতকে বলেন, নির্বাচন কমিশনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করবেন। কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি আজ আসতে পারছেন না। কাল বুধবার রুলের জবাব দাখিল করা হবে। এ সময় রিট আবেদনকারীদের আইনজীবী তানিয়া আমীর বলেন, শুনানি শুরু করা যেতে পারে।এর জবাবে আদালত বলেন, প্রতিপক্ষ দুইটি। বিবাদীপক্ষের আইনজীবীও নেই। নির্বাচন কমিশনের দেওয়া রুলের জবাবের কপি সরবরাহ করার বিষয় আছে। তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করা হলো। ২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।ওই রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে। রুলে আদালত রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময় ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারীপক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ওই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। ৭ মার্চ তা তালিকায় আসে।এদিকে রুলের জবাবে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ‘কয়েকটি ধারা’ সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন জামায়াতের গঠনতন্ত্রের শুধু ৫(২) ধারার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে। বাকি কোন ধারাগুলো সাংঘর্ষিক, তার উল্লেখ করেনি। আজ তা আদালতে উপস্থাপন করার কথা।