জামায়াতের নিবন্ধন নিয়ে রিটের শুনানি মুলতবি
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দেওয়া রিটের চূড়ান্ত শুনানি ১৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ শুনানি গ্রহণ করেন। এরপর ১৬ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন। আজকের শুনানিতে অংশ নিয়ে রিট আবেদনকারীদের কৌঁসুলি তানিয়া আমীর রিট আবেদনের বিষয়বস্তু তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী। গণপ্রতিনিধিত্ব আদেশে একটি রাজনৈতিক দলের কী কী অযোগ্যতা থাকলে দলটি নিবন্ধন পেতে পারে না, সে বিষয়ে বলা আছে। এর পরও ২০০৮ সালে দলটিকে নিবন্ধন দেওয়া ছিল একটি ভুল। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।ওই রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে। রুলে আদালত রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চান। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময়ে ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারীপক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ওই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। ৭ মার্চ তা তালিকায় আসে।এদিকে, রুলের জবাবে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ‘কয়েকটি ধারা’ সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন জামায়াতের গঠনতন্ত্রের শুধু ৫(২) ধারার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে। বাকি কোন ধারাগুলো সাংঘর্ষিক, তার উল্লেখ করেনি। আজ তা আদালতে উপস্থাপন করার কথা।