জামায়াতের নিবন্ধন নিয়ে শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দেওয়া রিটের চূড়ান্ত শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন নির্বাচন কমিশনের বক্তব্য উপস্থাপনের কথা। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ বেলা পৌনে ১১টা থেকে একটা পর্যন্ত শুনানি চলে। রিট আবেদনের পক্ষে আজ শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর। শুনানিতে তিনি বলেন, ‘পাকিস্তানে ব্লাসফেমি আইন আছে। কিন্তু দেশটির নির্বাচন কমিশন সার্কুলার জারি করেছে— নির্বাচনে ধর্মকে ব্যবহার করা যাবে না। অথচ আমাদের দেশে ধর্ম ব্যবহার করে রাজনীতি করছে দলটি। সেই দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। জামায়াতের গঠনতন্ত্র ইসলাম ধর্মের মূল চেতনার পরিপন্থী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’শুনানিকালে আদালত জানতে চান, আবেদনকারীরা কেন সংক্ষুব্ধ হলেন? জবাবে তানিয়া আমীর বলেন, ‘আবেদনকারীরা ইসলামকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারে বিশ্বাস করেন না। কিন্তু জামায়াতে ইসলামী ইসলামকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। এ কারণে বিশিষ্ট ব্যক্তিরা আবেদনটি করেছেন।’আদালতে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম ও জামায়াতের পক্ষে আইনজীবী বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রিটে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দলের নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে।রুলে রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওই ধারাগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। নির্বাচন কমিশনসহ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে রুলের জবাব দিতে বলা হয়।