জামায়াতের নিবন্ধন বাতিল ইসি খতিয়ে দেখছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে আইন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। দলটির গঠনতন্ত্রের সঙ্গে নিবন্ধন আইনের অসংগতি থাকলে ব্যবস্থা নেবে কমিশন।আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ একথা বলেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় নিবন্ধন বাতিল একটি দীর্ঘ প্রক্রিয়া। জামায়াতকে স্বাধীনতাবিরোধী দল হিসেবে উচ্চ আদালত অবহিত করায় এর নিবন্ধন বাতিল করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, উচ্চ আদালত জামায়াতের নিবন্ধন বাতিলে যদি এমন কোনো দিকনির্দেশনা দেন, তবে কমিশন অবশ্যই তা পালন করবে। এর বাইরে সরকার যদি আইন করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে, তবে কমিশনও নিবন্ধন বাতিল করবে। সিইসি বলেন, নির্বাচনী আইন অনুযায়ী নিবন্ধন বাতিল করতে হলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কমিশনকে যেতে হবে। গঠনতন্ত্রে অসংগতি থাকলে কমিশন চিঠি দিয়ে দলটিকে জানাবে। এটা লম্বা সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি। কাজী রকিব বলেন, নির্বাচন কমিশন এখন গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের সংশোধনীর খসড়া করছে। এজন্য পুরো আইন খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবদুল হাফিজ, জাবেদ আলী উপস্থিত ছিলেন।