জামায়াতের নিবন্ধন বাতিল করা উচিত
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত শর্ত যথাযথভাবে পূরণে ব্যর্থতার দায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা উচিত। তিনি জামায়াতের সঙ্গে কোনো ধরনের সংলাপে না বসতেও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। জামায়াত-শিবির চক্রের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সাম্যবাদী দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক কর্মিসভায় আজ রোববার তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে নির্বাচন কমিশন জামায়াতকে তাদের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশ আছে, তা সংশোধনের জন্য চিঠি দিয়ে আসছে। কিন্তু তারা তা সংশোধন না করে অযথা কালক্ষেপণ করছে। কমিশন সম্প্রতি তাদের আবারও চিঠি দিয়েছে। এবার তারা কমিশনের কাছে সময় চেয়ে ওই একই পন্থা অবলম্বন করছে।দিলীপ বড়ুয়া বলেন, প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতের রাজনীতি একে অপরের পরিপূরক। বিএনপির আশ্রয়ে থেকে জামায়াত দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। খবর বাসসের।