জামায়াতের নিবন্ধন বৈধতার রিট প্রধান বিচারপতির কাছে
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে করা রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য আবেদনটি পাঠিয়ে দেওয়া হয়।আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বাংলাদেশ তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ২০০৯ সালে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময় ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারী পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ওই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। গত বৃহস্পতিবার তা তালিকায় আসে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর জামায়াত নিষিদ্ধের দাবি ওঠে। ২৩ ফেব্রুয়ারি আইনমন্ত্রী শফিক আহমেদ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ‘জামায়াত রাজনৈতিক দল হিসেবে যেন কার্যকারিতা বজায় রাখতে না পারে, সে জন্য একটি রিট আবেদন সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে। আশা করি শিগগিরই রিট আবেদনের ওপর শুনানি শুরু হবে।’ওই রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি (১)(বি)(২) এবং ৯০ সি-এর সাংঘর্ষিক ও সংবিধান-পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে।