জামায়াতের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
জামায়াত-শিবিরের সন্ত্রাস, আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টির ঘৃণ্য তত্পরতার বিরুদ্ধে সর্বাত্মক রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ১০টি বাম প্রগতিশীল দল। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও হানাহানির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা। দেশজুড়ে জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে গণ-ঐক্যের সভাপতি পংকজ ভট্টাচার্যের সভাপতিত্বে ১০ দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় অতীতের মতো দেশের সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপাসনালয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জামায়াত-শিবিরের আক্রমণাত্মক আচরণের নিন্দা না জানিয়ে সরকার, প্রশাসন ও জনগণের প্রতিরোধকে বিরোধী দল বিএনপির নেতা খালেদা জিয়ার ‘গণহত্যা’ আখ্যা চরম দায়িত্বজ্ঞানহীনতা ও অবিমৃষ্যকারিতা বলে অভিহিত করে বলা হয়, এর মধ্য দিয়ে বিরোধী দলের নেতা একাত্তরের গণহত্যাকারীদের সরাসরি পক্ষাবলম্বন করেছেন। সভায় মানবতাবিরোধীদের বিচারের প্রশ্নে বিএনপির ভূমিকার নিন্দা করে বলা হয়, কোনো যুক্তির আড়ালে এ বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। ১০ দল হচ্ছে—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ-ঐক্য, সাম্যবাদী দল, গণ-আজাদী লীগ, বাসদ (বিএসডি), জনসংহতি সমিতি, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপ। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও হানাহানির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ-সমাবেশে সভাপতিত্ব করেন মোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সভায় নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মধ্যে ন্যায়বিচার এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকা সত্ত্বেও জামায়াত-শিবির ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়ে দেশ ও জনগণকে বিপন্ন করছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ তাদের বসতভিটায় হামলা করছে, সর্বত্র সহিংস তাণ্ডব চালাচ্ছে। সভায় মানবতাবিরোধীদের উপযুক্ত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গণজাগরণের গণপ্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। জামায়াত-শিবিরের দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বিচারপ্রক্রিয়া প্রতিহত করার জন্য জামায়াত-শিবিরের কর্মীরা দেশব্যাপী যে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে তরুণ প্রজন্মসহ দেশের আপামর জনগণকে সজাগ এবং প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ছাত্রলীগের সাবেক ১৪ জন নেতা এক বিবৃতিতে খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এতে জামায়াত-শিবিরের পক্ষ ত্যাগ, উসকানি না দেওয়া এবং ৫ মার্চের হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও তাণ্ডবের প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ ছাড়া সংখ্যালঘু ব্যক্তিদের ওপর জামায়াত-শিবিরের সশস্ত্র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় যুব জোট ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।