জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ এখন গণদাবিতে পরিণত হয়েছে। সরকারও এই দাবির সঙ্গে একাত্ম হয়েছে। তাই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র। সরকার এ বিষয়ে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নেবে। আজ শনিবার দুপুরের দিকে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ‘উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্ব ও কার্যাবলী’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কামরুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধ আইনের সংশোধনের ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ মাঝেমধ্যেই ভাড়াটিয়া কথাবার্তা বলে থাকে। সমগ্র জাতি যেখানে একত্র, সেখানে ট্রাইব্যুনালের বিব্রত হওয়ার কোনো কারণ নেই, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই।’ জেলা ও দায়রা জজ মো. গোলাম মর্তুজা মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা বারের সভাপতি আবদুল হালিম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ খালেদ প্রমুখ।