জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চেয়ে ২০ এপ্রিল সম্মেলন
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে ২০ এপ্রিল জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের সংগঠন ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন হবে।আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এসব দাবি আদায়ে দেশের বিভাগীয় শহরগুলোতেও সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি সারওয়ার আলী। উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাংবাদিক কামাল লোহানী, সম্মিলিত সামাজিক আন্দোলনের জিয়াউদ্দিন তারিক আলী ও মো. এ আরাফাত।সংগঠনের অন্য দাবিগুলো হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করো, সাম্প্রতিক সহিংসতা প্রতিহত করো ও আক্রান্তদের পাশে দাঁড়াও, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নাও, মুক্তচিন্তার পথ খোলা রাখো, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করো ও নারীর অধিকার সমুন্নত রাখো।সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধের রায় কেন্দ্র করে গত কয়েক মাসে জামায়াত-শিবিরের সারা দেশে মন্দির, শহীদ মিনার ভাঙচুর ও জাতীয় পতাকা ছেঁড়ার মতো নাশকতামূলক ঘটনা ঘটানোর প্রতিবাদ জানানো হয়। জাতীয় এই সম্মেলনে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন বলে জানান সারওয়ার আলী।সুলতানা কামাল বলেন, জামায়াত-শিবির একাত্তরে সবার সামনে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাই জামায়াত-শিবিরকে সাংগঠনিকভাবে দায়ী করে তাদের বিচার করতে হবে।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির পুনর্বাসিত হয়েছে। দুঃখজনক হলেও সত্যি, যে বাংলাদেশের তারা বিরোধিতা করেছে, সেই বাংলাদেশের পতাকা তারা গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়িয়েছে। আবার সেই বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা ছিঁড়ে, স্বাধীনতার প্রতীক শহীদ মিনার ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছে। জামায়াতের বিশ্বাসঘাতকতা ক্ষমার অযোগ্য।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডবের সাধারণ লক্ষ্যবস্তু বিশেষত সংখ্যালঘু ও নারীরা। সাম্প্রতিক সময়ে এ দুই শ্রেণীর ওপর তাদের হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।কামাল লোহানী বলেন, জামায়াত-শিবিরের সাম্প্রতিক হামলায় দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুরা তটস্থ। সাধারণ মানুষের শক্তি এক হলে এসব অপশক্তির বিনাশ হবে। এ জন্যই এজাতীয় সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।