জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবেই হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয়। এরা ফ্যাসিস্ট সন্ত্রাসী দল। এ দেশে এদের রাজনীতি করার অধিকার নেই। তাই এই সরকারের আমলেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবেই হবে।’ তিনি বলেন, রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়াই এই সরকারের অঙ্গীকার।আজ বুধবার মেহেরপুরের মুজিবনগরে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ। বিরোধীদলীয় নেতার উদ্দেশে হানিফ বলেন, আগামী নির্বাচন-পদ্ধতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে। তিনি শর্ত ছাড়া বিএনপিকে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়া এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তাই স্বাধীনতার ৪৩ বছরের মধ্যে তিনি এই মুজিবনগরে আসেননি। তিনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান, তাই জামায়াত আর হেফাজতকে নিয়ে ষড়যন্ত্র করছেন।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া জামায়াত-শিবিরকে নিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর ওপর হামলা চালাচ্ছেন। হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দিচ্ছেন। তিনি কী চান, এটা জাতি জানতে চায়।’সভাপতির বক্তব্যে মুজিবনগর দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘যে নেত্রী জামায়াতকে নিয়ে ঘুরে বেড়ান, তিনি কখনো মুক্তিযোদ্ধার স্ত্রী হতে পারেন না। তিনি এখন বেদের মেয়ে জ্যোত্স্না সেজে সাপের মুখ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। খালেদা জিয়া দেশ ধ্বংসের আগুন জ্বালাতে চান। আর এই আগুন নিভিয়ে দেশ রক্ষা করতে হলে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।’ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাই একমাত্র অবলম্বন উল্লেখ করে নাসিম বলেন, ‘দল-বিভেদ ভুলে সবাই একত্র হন।’ মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আরও বক্তব্য দেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, মত্স্য প্রতিমন্ত্রী আবদুল হাই, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মোজাম্মেল হক, সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগসহ খুলনা বিভাগের বিভিন্ন আসনের সাংসদেরা।এর আগে বেলা ১১টার দিকে নেতারা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আনসার, পুলিশ ও মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার দেন। বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা তিনটার দিকে সমাবেশ শেষ হয়।