জামায়াতের রাজনীতি নিষিদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআনের অবমাননা করে প্রগতিশীল গণ-আন্দোলনকারীদের ঘাড়ে দোষ চাপিয়ে জামায়াত-শিবির দেশে দাঙ্গা-হাঙ্গামা করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক পতাকা মিছিলের আগে সমাবেশে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে এই মন্তব্য করেন হানিফ। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে হানিফ বলেন, যারা জাতীয় পতাকা পুড়িয়েছে, তাদের এই দেশের নাগরিকত্ব থাকে না। রাজনীতি করারও তাদের কোনো অধিকার নেই। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।হানিফ বলেন, পবিত্র কোরআনের অবমাননা করে যদি জামায়াত-শিবির ফায়দা লুটতে চায়, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষও তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, সারা দেশে আওয়াজ উঠেছে, পক্ষ নিলে রক্ষা নেই। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতের পক্ষ নিয়েছেন। তাই জামায়াতের শাস্তি হলে খালেদা জিয়ারও হতে হবে।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। সমাবেশ শেষে জাতীয় পতাকা নিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে যায় স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। বিডিআর হত্যাকাণ্ডের মিলাদবঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিডিআরের ঘটনা কোনো বিদ্রোহ ছিল না। এটা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্ত। সরকারকে উত্খাত করতে এবং বিডিআর ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত সৃষ্টি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোই ছিল এর উদ্দেশ্য। হানিফ বলেন, ‘এখনো একটা প্রশ্ন রয়ে গেছে। এ দেশের মানুষ তা জানতে পারেনি। ঘটনার আগে বিএনপির নেত্রী খালেদা জিয়া কালো গ্লাসের গাড়িতে করে কোথায় অন্তর্ধান হয়েছিলেন, যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না? সেদিন কী এমন কাজ ছিল যে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বের হয়ে যান?’ হানিফ অভিযোগ করেন, ‘বিডিআরের ঘটনার পর দুই দিন খালেদা জিয়ার কোনো খোঁজ ছিল না। এই দুই দিন খালেদা জিয়া কোথায় ছিলেন তা জানতে পারলে বিডিআর ঘটনার নেপথ্যে কারা ছিল তা জানা যাবে।’ আলোচনা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে বিডিআর বিদ্রোহে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।