আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
জামায়াতের শীর্ষ চার নেতার আবেদন খারিজ, দুটি উপস্থাপিত হয়নি
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর চারজন নেতা নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদন যথাযথভাবে উপস্থাপন করা হয়নি উল্লেখ করে ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। এই চারজনকে কারাগারে আটক রাখার আদেশ প্রত্যাহার করে মুক্তি দিতে করা আবেদনটিও খারিজ করে দেওয়া হয়েছে।ট্রাইব্যুনাল কার্যক্রম স্থগিত রাখতে করা আবেদনটিও খারিজ করা হয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জ এবং পল্লবী থানায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলা দুটির নথিপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফেরত পাঠানোর জন্য করা আবেদনটিও খারিজ করা হয়েছে। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার বেলা ১১টা ৩২ মিনিটে এ বিচারকাজ শুরু হয়ে শেষ হয় ১২টা ৫০ মিনিটে।এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের আদেশের অনুলিপি চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া চারজনের পক্ষে মামলা পরিচালনার জন্য মনোনীত ব্যক্তিকে অনুমতি দেওয়ার (লেটার অব অথরিটি) আবেদনটি উপস্থাপন করা হয়নি বলে খারিজ করা হয়েছে।এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।