জামায়াতের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিবের বৈঠক
বাংলাদেশের সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন সরকারপদ্ধতি রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণের জন্য তাগিদ দিয়েছে জাতিসংঘ। আজ রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এ অভিমত দিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর একটি হোটেলে অস্কার ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘৪৫ মিনিটের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে সংলাপ ও মানবতাবিরোধী অপরাধের বিচার ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সংলাপ আয়োজনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটা জরুরি। এ ছাড়া সুনির্দিষ্ট বিষয়বস্তু ছাড়া কোনো আলোচনা বা সংলাপ হতে পারে না বলেও উল্লেখ করেছি।’ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘বর্তমানে দেশে রাজনৈতিক সহিংসতা ও সংঘাত চললেও বাংলাদেশের ভবিষ্যত্ নিয়ে আমরা তাঁর কাছে আশাবাদ প্রকাশ করেছি।’ এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে উদ্ধৃত করে তারানকো বৈঠকে বলেছেন, ‘বাংলাদেশের ব্যাপারে জাতিসংঘের বিশেষ আগ্রহ রয়েছে।’