জামায়াতের সহিংসতায় সাতক্ষীরা-সিরাজগঞ্জে নিহত ৪ (ভিডিও)
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবারও সারা দেশে সহিংসতা চলেছে। এসব সহিংসতায় সাতক্ষীরা ও সিরাজগঞ্জে চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতক্ষীরায় বিজিবির সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন ও সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর:সাতক্ষীরায় নিহত ৩, আগুন-লুটপাটসাতক্ষীরার কলারোয়া উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কলারোয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।আজ সকালে সাতক্ষীরা সদর ও কলারোয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতার বাড়িসহ মোট চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কলারোয়া-সরসকাটি সড়কে গাছ ফেলে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে সরসকাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা সড়ক থেকে গাছ সরাতে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। পরে পুলিশ ও বিজিবির আরও সদস্য সেখানে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত হন। তাঁর নাম আরিফ বিল্লাহ (৪২)। তিনি কামারআলী গ্রামের বাসিন্দা। এর কিছু সময় পর আরিফের ভাই আহত রুহুল আমিন মারা যান। এ ঘটনায় আহত শামসুর রহমান আজ রাত পৌনে নয়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে মারা গেছেন। হাসপাতালের চিকিত্সক রাশেদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, কলারোয়ায় গুলিতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে লাশ উদ্ধার করা যায়নি। পরে কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন শওকত দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কলারোয়ায় ১৪৪ ধারা জারির খবরও নিশ্চিত করেন তিনি। রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিত্সক রাশেদ হাসান আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে, কলারোয়ার যুগিখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল গাজীর বাড়িতে লুটপাট করার পর সেখানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া, সাতক্ষীরা সদর উপজেলার কুচপুর গ্রামের যুবলীগের কর্মী নজরুল ইসলাম ও তাঁর তিন প্রতিবেশীর বাড়িতেও অগ্নিসংযোগ ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত।যুবলীগের কর্মী নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাতটার দিকে একদল লোক তাঁর বাড়িতে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। পরে তাঁর প্রতিবেশী সিরাজুল ইসলাম ও নূর ইসলামের বাড়িতেও লুটপাট করে আগুন ধরিয়ে দেয় তারা। হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করেছেন নজরুল ইসলাম।অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।সহিংসতা এড়াতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও নওপাড়া ইউনিয়নে, কালীগঞ্জের নলতা ইউনিয়নে, আশাশুনি সদরে ও সাতক্ষীরা পৌরসভায় ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। হরতালের দ্বিতীয় দিনে সাতক্ষীরা শহরে রিকশা, ভ্যান, পিকআপ, মোটরসাইকেল ও বাইসাইকেল চলতে দেখা গেছে। কয়েকটি এলাকায় দোকানপাট খুলেছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরে পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা টহল দিচ্ছেন। সাতক্ষীরা শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।সিরাজগঞ্জে সহিংসতায় নিহত ১উল্লাপাড়া উপজেলায় আজ সকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়। এতে মাহফুজ (১৬) নামের একজন নিহত হয়েছে। মাহফুজ উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ফলিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। সে স্থানীয় ফলিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। মাহফুজ ছাত্রশিবিরের ‘সাথি’ বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে উল্লাপাড়ার পূর্ব দেলুয়া বাজার এলাকার সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছোড়ে। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি চালায়। প্রায় দেড় ঘণ্টার এই সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে মাহফুজের পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে যান। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মাহফুজ শিবিরকর্মী। এ ছাড়া, ঘটনাস্থল থেকে পুলিশ এক শিবিরকর্মীকে আটক করেছে।জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দ্বিতীয় দিন আজ সকালে জামায়াত-শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু সেতু-সিরাজগঞ্জ বাইপাস সড়কে গাছ ফেলে অবরোধের সৃষ্টি করেন। এ সময় জামায়াত-শিবিরের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। এ ছাড়া, তাঁরা ওই সড়কের বাঐতারা এলাকায় বেইলি সেতু খুলে ফেলেন।এ ছাড়া, জামায়াত-শিবিরের কর্মীরা সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের ফকিরতলা, সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতী এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে রেখেছেন।