জামায়াতের হরতাল প্রতিহতের আহ্বান শাহবাগের
জামায়াতে ইসলামীর ডাকা আগামী রোববার ও সোমবারের হরতাল প্রতিহতের আহ্বান জানিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। সব যুদ্ধাপরাধীর ফাঁসিসহ ছয় দফা দাবিতে আজ শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। হরতালে জামায়াত-শিবির যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে প্রয়োজনে লাঠি নিয়ে রাজপথে অবস্থানের ডাক দিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতারা।আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, সাঈদীর ফাঁসির রায় শোনার পর জামায়াত-শিবির সারা দেশে নৈরাজ্য ও সহিংসতা চালিয়েছে। তাদের আর এমনটা করতে দেওয়া যাবে না। প্রতিহত করা হবে।ইমরান বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ চার বর্গফুট পথও যদি হাঁটে, তাহলে জামায়াত-শিবির গর্তে লুকিয়েও পালাবার পথ পাবে না। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে দেশবাসীকে অহিংস আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।জামায়াত-শিবির ও ছাত্রদলের কর্মীদের বিভ্রান্তির পথ থেকে সরে এসে গণজাগরণ মঞ্চের দেশপ্রেমিক জনতার পক্ষে আসার জন্য আজকের সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।অন্যান্য দিনের সমাবেশের মতো আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া চারটার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে আজকের সমাবেশ শুরু হয়। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে প্রতিবাদী জনতা শাহবাগে আসেন। স্লোগানে স্লোগানে সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাজার হাজার জনতা। সমাবেশে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতারা বক্তব্য দেন। জামায়াত-শিবিরের পক্ষ অবলম্বনের করায় বিএনপির নেতাদের কড়া সমালোচনা করে গণজাগরণ মঞ্চ। আজকের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। শাহবাগের বিভিন্ন প্রবেশপথসহ পুরো এলাকায় প্রচুরসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আনন্দের রেশ অব্যাহতমানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল বৃহস্পতিবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সংবাদ পৌঁছালে উল্লাসে ফেটে পড়ে গোটা শাহবাগ চত্বর। হাজার হাজার মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে, জাতীয় পতাকা উড়িয়ে আদালতের রায়কে স্বাগত জানান। সাঈদীর বিরুদ্ধে এই রায়ে তাঁরা ফুল ও পানি ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন। কারও কারও চোখে ছিল আনন্দের জল। এ ছাড়া এই রায়ের পরপরই শুকরিয়া আদায় করে গতকাল বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে বিশেষ মোনাজাত করা হয়। সাঈদীর ফাঁসির রায়ে আন্দোলনকারীদের এই আনন্দের রেশ এখনো বিরাজ করছে শাহবাগে। আজ ও কালকের কর্মসূচিইমরান এইচ সরকার গতকাল শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে প্রজন্ম চত্বরে সমাবেশ হচ্ছে। এ ছাড়া আজ জুমার নামাজের পর একাত্তরের স্বাধীনতা আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে সব মসজিদে দোয়া করা হয়েছে। দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায়ও তাঁদের জন্য প্রার্থনা করা হবে। কাল শনিবার সব স্কুল-কলেজ-বাসা-বাড়ি, গাড়িসহ সব জায়গায় যে যেখানেই থাকবেন, সেখান থেকেই তাঁকে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। একই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনের শুরুএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। এরপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ সেই আন্দোলনের ২৫তম দিন। এর মধ্যে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও মতিঝিলের শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চের সমাবেশ তিনটি সমাবেশ হয়েছে। এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে আজও সকাল থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।