জামায়াতের ৪ নেতাকে গ্রেপ্তার না করার নির্দেশ
পৃথক দুই মামলায় জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, আলহাজ নাজিমউদ্দিন ও আবুল হাশেমকে হয়রানি বা গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এই চারজন আজ আদালতে হাজির হয়ে ১৯৭১ সালে হত্যার অভিযোগে কেরানীগঞ্জ থানায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় করা দুটি মামলায় জামিনের আবেদন করেন। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান জামিনের আবেদন শুনানির জন্য সময় চান। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।পরে আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই চারজনকে হয়রানি বা গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কাল শুনানি হতে পারে বলে তিনি জানান।