নাজমা বেগম এবার ঈদ উপলক্ষে চারটি জামা উপহার পেয়েছেন। তার একটি ফিরোজা রঙের। গতকাল মঙ্গলবার নগরের রাপা প্লাজায় অনেক সময় নিয়ে, যাচাই-বাছাই করে তিনি ফিরোজা রঙের জামার সঙ্গে মিলিয়ে পাথর বসানো চুড়ি ও কানের দুল কিনলেন।নাজমা কিন্তু ফিরোজা রং দেখেননি কখনো। দেখবেন কী করে? তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। প্রথম আলোকে তিনি বলেন, ‘ছোটবেলায় দেখা লাল, সবুজ, সাদা রংই চোখে ভাসে। ফিরোজা রংটি দেখতে কেমন, কে জানে। তবে সবাই বলে ফিরোজা রংটি সুন্দর এবং আমাকে মানায় ভালো।’অন্যদিকে নাজমার সঙ্গী নাসরিন জাহানও দৃষ্টিপ্রতিবন্ধী, তবে তাঁর চোখে এখনো ফিরোজা, হালকা ফিরোজা রংগুলো লেগে আছে। ফিরোজার সঙ্গে মিলিয়ে কী ধরনের জিনিস কিনতে হবে, তাও ভালো বোঝেন। তাই নাজমা কেনাকাটার সময় নাসরিনের পছন্দকেই গুরুত্ব দেন।ডিজঅ্যাবলড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জন্ম থেকেই একটি চোখে দেখতে পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে এমএ পাস করা নাসরিনের অন্য চোখে সমস্যা থাকলেও ২০০৩ সাল পর্যন্ত সেই চোখ দিয়ে লেখাপড়া, চলাফেরাসহ সবই করতে পেরেছেন।গতকাল ঈদের কেনাকাটা করতে আসা এ দুজনের সঙ্গে কথা হয়। কেনাকাটার ফাঁকে ফাঁকে বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন তাঁরা। জাতীয় প্রতিবন্ধী ফোরামে কর্মরত নাজমা বলেন, ‘শপিংয়ে আসার সময় রিকশাচালককে মার্কেটের একদম গেটে নামিয়ে দিতে বললাম। কিন্তু সে কিছুতেই তা করবে না। একপর্যায়ে বলেই ফেলল, “চোখে দ্যাহেন না তো রিকশায় উঠছেন ক্যান”।’মার্কেটে, আহা রে, কত সমস্যা! ‘চোখে দ্যাখে না নাকি’, ‘চোখ আর ভালো হবে না’, ‘চোখে দেখে না, আবার কত সময় নিয়ে জিনিস নাড়াচাড়া করল’—এমন অজস্র মন্তব্য শুনতে হয়েছে তাঁদের। তবে এ ধরনের মন্তব্যে তাঁরা দুজনই অভ্যস্ত। তাঁরা জানালেন, জনগণ প্রতিবন্ধীদের সম্পর্কে আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। ফলে বেশির ভাগ লোক এখন ভালো ব্যবহার করে।রাপা প্লাজার সুমন’স গ্যালারিতে নাজমা ও নাসরিন অনেকক্ষণ বিভিন্ন ধরনের গয়না নাড়াচাড়া করে দেখলেন। কিন্তু কিনলেন না। এই দোকানের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘তাঁরা চোখে দেখেন না। এ ছাড়া তাঁদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো কারণ নেই।’নাসরিন আর নাজমা দোকানে গিয়ে কানের দুলটি নতুন না পুরোনো মডেলের, চুড়িটি লক না আনলক—সব বলে দিচ্ছিলেন। তবে রংটি কেমন, তা মানাবে কি না এবং বিভিন্ন দোকানে যাওয়ার জন্য সাহায্য নেন ডিজঅ্যাবলড চাইল্ড ফাউন্ডেশনের অফিস সেক্রেটারি সাথী রানী কর্মকারের। নাসরিন থাকেন মগবাজারে, আর নাজমা মোহাম্মদপুরে। একসঙ্গে কেনাকাটা করার জন্যই তাঁরা একত্র হয়েছিলেন। নাজমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাস করেছেন। তিনি ঈদ করবেন চট্টগ্রামে, পরিবারের সদস্যদের সঙ্গে। ঈদের কেনাকাটা প্রসঙ্গে নাজমা জানালেন, এবারই প্রথম নিজের চাকরির টাকা দিয়ে সবার জন্য কেনাকাটা করেছেন। বাড়ি গিয়ে বোনের পছন্দে একটি সানগ্লাস কিনবেন। এরই মধ্যে তিনি কর্ণফুলী, সানরাইজ, আড়ং, নবরূপাসহ বিভিন্ন বিপণিবিতানে ঢুঁ দিয়েছেন। ছয় বছর বয়স পর্যন্ত নাজমার চোখ ভালো ছিল, পরে রেটিনা ডিটাচমেন্টের সমস্যা দেখা দেয়।নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় মার্কেটে মার্কেটে ঘুরে রং মিলিয়ে পোশাক-আশাক কেনার দৃশ্য চোখে ভাসে। মার্কেটে গেলে এখনো মনে হয়, সব আবার দেখতে পাব। স্বপ্নেও আমি সবকিছু দেখতে পাচ্ছি। দেখতে পাই। কিন্তু এ স্বপ্ন তো আর সত্য হবে না।’নাসরিন এবার ঈদ উপলক্ষে গোলাপি নেটের মধ্যে কাজ করা সালোয়ার-কামিজ কিনেছেন। কর্ণফুলী মার্কেট থেকে রং মিলিয়ে জুতাও কিনেছেন। আড়ং থেকে একটি শাড়ি কিনবেন।এবার ঈদে কী ধরনের ফ্যাশন চলছে জানতে চাইলে নাসরিন ও নাজমা জানান, তাঁরা পত্রিকা পড়তে পারেন না, তবে রেডিও-টেলিভিশনের খবর শুনে বুঝতে পেরেছেন, এবার নেটের কাপড় বেশি চলছে। সালোয়ার-কামিজের হাতা লম্বা হয়েছে এবং হাতায় নেট, মসলিনসহ বিভিন্ন কাপড় ব্যবহার করা হচ্ছে।দোকানে গিয়ে চট করে কিছু পছন্দ করা তাঁদের পক্ষে সম্ভব হয় না। অনেকক্ষণ হাতে নিয়ে জিনিসটি পরীক্ষা করতে হয়।নাসরিনদের সঙ্গে থাকা সাথী জানালেন, প্রায়ই কেনাকাটায় তিনি তাঁদের সাহায্য করেন। পছন্দের জিনিসটি খুঁজে বের করে দেন। সাথী বলেন, ‘এ কাজটি করতে কখনো বিরক্ত লাগে না। সময় একটু বেশি দিতে হলেও মনে হয় একটি ভালো কাজ করছি।’