জামাল নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয়নি—শোক সভায় বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত গণিত ও ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে জীবদ্দশায় যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জামাল নজরুল ইসলামের স্মরণে এক শোকসভায় এই মন্তব্য করেন আলোচকেরা। বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রে এ শোকসভার আয়োজন করা হয়। গবেষণাকেন্দ্রটি জামাল নজরুল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। শোকসভায় আলোচকেরা বলেন, জামাল নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছিলেন, তাঁর লেখা একটি বইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয়নি। অথচ তাঁর লেখা সাতটি বই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয়েছে। তাঁরা আরও বলেন, ‘জামাল নজরুল ছিলেন একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। চিন্তা-চেতনায় ছিলেন অসাম্প্রদায়িক মানুষ। তাঁকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি।’এ সময় জামাল নজরুলকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সহধর্মিণী সুরাইয়া ইসলাম ও ছোট মেয়ে নারগিস বিনতে নজরুল। এ ছাড়া তাঁর অধীনে এমফিল ও পিএইচডি ডিগ্রি নেওয়া শাহীন ইসলাম, কামরুল ইসলাম, আবদুস সালাম, সোমা বিশ্বাস, অঞ্জন কুমার, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, সুজিত কুমার সাহা, মনিরুজ্জামান, সত্যজিৎ ভদ্র, মনিন্দ্র কুমার রায় ও শফিক হায়দার চৌধুরী স্মৃতিচারণা করেন।গবেষণাকেন্দ্রের পরিচালক আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন, ফজলে হোসেন ও নুরুদ্দীন চৌধুরী, সাবেক সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি আলী আশরাফ প্রমুখ।