জামাল নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা আবাসন প্রকল্পের জমি কেনা নিয়ে রূপগঞ্জের সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত মোস্তফা জামাল হায়দারের বাবা থানায় হত্যা মামলা করেছেন। জামাল নিহত হওয়ার সাত দিন পর গতকাল শনিবার দুপুরে এ মামলা করা হয়। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।পুলিশ সূত্র জানায়, রূপগঞ্জে সহিংস ঘটনার সময় পুলিশ ও র্যা ব সদস্যরা থাকলেও শুধু সেনাবাহিনী সেখানে গুলি ছুড়েছে। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফা জামাল হায়দার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।রূপগঞ্জ থানার পুলিশ জানায়, জামালের বাবা আবদুর রফিক গতকাল লিখিত অভিযোগের মাধ্যমে মামলা করেন। তিনি এজাহারে বলেন, ২৩ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার তানমুশুরি ও আশপাশের এলাকায় ৮-১০ হাজার বিক্ষুব্ধ মানুষের বিক্ষোভ চলাকালে আকাশে হেলিকপ্টার উড়তে দেখে তাঁর ছেলে মোস্তফা জামাল হায়দার ওই স্থানে যান। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি শুরু হলে জামাল ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরদিন সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার বলেন, জামাল হত্যার ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন। তিনি মামলায় কারও নাম উল্লেখ করেননি। শুধু অভিযোগের বিবরণ দিয়ে এ ঘটনার প্রতিকার চেয়েছেন।অবশ্য জামালের মৃত্যুর পর তাঁর বাবা আবদুর রফিক আক্ষেপ করে বলেছিলেন, ‘যেখানে ছেলের লাশ দাফন করার অধিকার নেই, সেখানে কার বিরুদ্ধে মামলা করব?’রূপগঞ্জ থানার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রূপগঞ্জে সহিংস ঘটনায় গুলি ছোড়ার কথা সেনাবাহিনীর মামলায়ও উল্লেখ রয়েছে। সেখানে পুলিশ বা জনতা কোনো গুলি ছোড়েনি। পুলিশের মামলা ও সাধারণ ডায়েরিতে জনতার গুলি করার কথা বলা নেই। র্যা বের মামলাতেও গুলির বিষয়টি উল্লেখ নেই।২৩ অক্টোবর রূপগঞ্জের ঘটনার পর রাতে পুলিশ ও র্যা বের পক্ষ থেকে অজ্ঞাতনামা তিন-চার হাজার লোককে আসামি করে দুটি মামলা করা হয়। ঘটনার পাঁচ দিন পর ২৮ অক্টোবর রাত ১২টায় সেনাবাহিনীর ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার মো. আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় দুই দফা ফাঁকা গুলি ছোড়ার কথা উল্লেখ করা হয়।সহিংস ঘটনার ব্যাপারে জুলহাস নামের এক ব্যবসায়ী ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। এ ছাড়া নিখোঁজ শমসের মোল্লা, মাসুদ ও সাইদুল ইসলামের পক্ষে তাঁদের অভিভাবকেরা আরও তিনটি জিডি করেছেন।