জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৭
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে আজ সকালে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। নৌকাটি উদ্ধারের কাজ চলছে।পুলিশ জানিয়েছে, উপজেলার সাচনাবাজার থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা আজ ভোররাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ছয়টার দিকে নৌকাটি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের পাশে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকা সেটিকে ধাক্কা দেয়। এতে সুরমা নদীর মাঝখানে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এরপর নয়জন যাত্রী সাঁতরে তীরে ওঠেন। সাতজন যাত্রী নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, নৌকাটি মাঝ নদীতে ডুবে যাওয়ায় এটি উদ্ধার করতে খানিকটা সমস্যা হচ্ছে। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। তবে কাউকে এখনো উদ্ধার করা যায়নি।