জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে নৌকাডুবিতে আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন শিশু ও একজন নারী। এ ছাড়া আহত হয়েছে আরও ২০ জন।গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সুরমা নদীর দুর্লভপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো নিয়তি দাস (১২), রিয়া দাস (২), মোশাহিদ আহমদ (১), দুই বোন জেসমিন (৫) ও জান্নাত (২), পূজা (নয় মাস), রিতু দত্ত (২)। মৃত উদ্ধার করা নারীর (৩৪) নাম-পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এমভি হারুন নামের একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা গতকাল বেলা দেড়টার দিকে সুনামগঞ্জ শহর থেকে জামালগঞ্জের সাজনাবাজারের উদ্দেশে ছেড়ে আসে। পথে বিকেল সাড়ে চারটার দিকে নৌকাটি দুর্লভপুর ঘাটে এসে যাত্রী ওঠা-নামার জন্য ভেড়ায়। নৌকাটিতে যাত্রীর পাশাপাশি ছাদে আলুভর্তি অনেক বস্তা ছিল। ওই ঘাট থেকে নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি একদিকে কাত হয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী এসে উদ্ধার-তৎপরতা চালায়।সাজনাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, দুর্লভপুর বাজারে গতকাল বিকেলে দুই গ্রামের মধ্যে কুস্তি খেলা ছিল। খেলা শেষ হওয়ার মুহূর্তে ওই নৌকাটি ঘাটে আসে। তাই লোকজন সেটিতে উঠতে তাড়াহুড়ো শুরু করে। অনেকেই লাফ দিয়ে ছাদে ওঠার চেষ্টা করে। ফলে সেটি একদিকে কাত হয়ে ঘাটে ডুবে যায়।নৌকাটি ডুবে যাওয়ার পর বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও নৌকার ভেতরে থাকা অনেক যাত্রী ডুবে যায়। পরে স্থানীয় লোকজন চেষ্টা করে সেটি তীরে আনে। পরে নৌকার ভেতর থেকে সাতটি শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন এসে উদ্ধার-তৎপরতায় যোগ দেন। রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুলিশ শিশুদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করছে। এক নারীর নাম-পরিচয় না পাওয়ায় তাঁর মৃতদেহটি নদীর ঘাটে রাখা হয়েছে।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম খান জানান, আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কিছু যাত্রী নিখোঁজ থাকতে পারে। তবে কেউ দাবি করেনি।’জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খয়বর রহমান জানান, প্রতিটি মৃতদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।